অভিনেত্রী ও পরিচালকের পাল্টাপাল্টি অভিযোগ
অভ ন ত র ও পর চ – ফেব্রুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছিল নাটক ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। এর পরে মে মাসে নাটকটি বঙ্গর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। তবে অভিনেত্রী পারসা ইভানা অভিযোগ করেছেন যে তাঁর সম্পূর্ণ পারিশ্রমিক পরিশোধ করা হয়নি।
গতকাল ফেসবুকে পারসা লেখেন, ‘সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি। শুধু আমি নই, টিমের আরও অনেক সদস্য এখনো তাঁদের পাওনা বুঝে পাননি। আমাকে নির্মাতা টাকা দিয়েছেন, তবে কিছু টাকা এখনো পরিশোধ করতে পারেননি। সেটা আমি বাদ দিয়েছি। কিন্তু আমার টিমের কেউ টাকা পায়নি, যেটা (নিয়ে কথা বলা) আর্টিস্ট হিসেবে আমারও দায়িত্ব।’
অভিযোগটি স্বীকার করে নির্মাতা ফরহাদ আহমেদ ইশান জানান, পারসা তাঁকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে না দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ‘পারসা আমার কাছে আর ১০ হাজার টাকা পাবেন। তাঁর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। তাঁকে বলেছি দ্রুত তাঁর পাওনা বুঝিয়ে দিব। কিন্তু তিনি হঠাৎ করে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করলেন, যার ফলে আমি হেনস্তার শিকার হচ্ছি।’
পারসার বিরুদ্ধে অভিযোগ করে নির্মাতা বলেন, ‘কয়েক মাস ধরে আমার মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। কোনো কাজ করতে পারছি না, ফলে অর্থনৈতিকভাবে সংকটে পড়েছি। বিষয়টি তাঁকে জানানোর পরেও তিনি আমাকে হুমকি দিয়েছেন। বলেছেন, আমি কীভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেটা তিনি দেখে নেবেন।’
নির্মাতা ইশান আরও জানান, পারিশ্রমিকের সমস্যাটি হয়েছে নির্দিষ্ট সময়ে শুটিং শেষ করতে না পারায়। তিনি বলেন, ‘জয়দেবপুরে একটা গ্রামীণ পরিবেশে শুটিংয়ে গিয়েছিলাম। সেখানে ভালো মানের ওয়াশরুম না থাকার বাহানায় প্রচুর সময় নষ্ট করেছেন তিনি। তাই তিনটি দৃশ্যের শুটিং না করেই আমাদের চলে আসতে হয়। পরে শিল্পীদের শিডিউল মেলাতে পারছিলাম না। তিনিও শিডিউল দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত ওই তিনটি দৃশ্য ছাড়াই নাটকটি মুক্তি দিতে বাধ্য হই।’
