আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন অভিযোগ দায়ের
Banglajibon.com – স ব ক দ ই র ষ – মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ উত্থাপন করা হয়েছে। একই সাথে ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে চিহ্নিত করে কয়েকজন অভিনেতা ও অভিনেত্রীর বিরুদ্ধেও পৃথকভাবে অভিযোগ আনা হয়েছে। আজ রোববার বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম এই অভিযোগগুলো দায়ের করে।
আজাদি পার্টি সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, অন্যদিকে রাষ্ট্রসংলাপ ফোরাম সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন এবং কয়েকজন শিল্পীর বিরুদ্ধে অভিযোগ করেছে। চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিলের পর আজাদি পার্টির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. হাসিনুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলেন।
৫ আগস্ট ২০২৪ সালের মধ্যে এত লোককে হত্যা ও গুম করা হয়েছে; কোনো দিন প্রতিবাদ করেননি সাবেক এই দুই রাষ্ট্রপতি। এসব অপরাধে তাঁদের মৌন সম্মতি ছিল।
রাষ্ট্রসংলাপ ফোরাম সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ এনে তদন্ত দাবি করেছে। সে সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকারও তদন্ত দাবি করা হয়েছে।
তাদের মধ্যে রয়েছেন চিত্রনাট্যকার ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কাইসার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুন আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জাওয়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোবিন মেহেদী, সোমা ইসলাম ও আনিস আলমগীর।
আল নূর মোহাম্মদ আয়াসের বিবৃতি
রাষ্ট্রসংলাপ ফোরাম তাঁদের অভিযোগ আইন অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায়। অভিযোগে সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেছেন, তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে শাহবাগে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে গত বছরের ১৮ জানুয়ারি রাতে ময়মনসিংহ যাওয়ার পথে মহাখালী বাসস্ট্যান্ড থেকে তাঁকে গুম করা হয়।
পরদিন ১৯ জানুয়ারি বাংলামোটর এলাকায় তাঁকে ফেলে রেখে যায়। আল নূর মোহাম্মদ রাষ্ট্রসংলাপ ফোরামের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘একান্ত সহযোগী’ হিসেবে সাহাবুদ্দিনকে উল্লেখ করেছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, অমানবিক নির্যাতন, খুন, গুমের হুকুমদাতা হিসেবে সাহাবুদ্দিনের ভূমিকা তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, কোনো অভিযোগ জমা হলে তাঁরা সেটি তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেন।

